জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ দ্রুত হস্তান্তরের দাবি তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর আরও তৎপর হওয়া এখন সময়ের দাবি
ছবি: বাসস

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর আরও তৎপর হওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ ২৬ সম্মেলনে যোগদানের পর স্কটিশ পার্লামেন্টারিয়ান ফয়সল চৌধুরী ও সারাহ বোয়াকের সঙ্গে স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এক বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে স্কটিশ পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন হাছান মাহমুদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেক-উন-নবী চৌধুরী এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে কিছু অর্থ বরাদ্দ হলেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘমেয়াদি অভিযোজনের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে না। এর ফলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে পড়া দেশগুলোকে সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে।

এ সময় তথ্যমন্ত্রী স্কটিশ সাংসদদের আরও জানান, অভিযোজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় অর্থায়নে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকেরা খরা, বন্যা, জলাবদ্ধতা ও লবণাক্ততা সহিষ্ণু জাতের শস্য উৎপাদন করেছেন এবং গবেষণা অব্যাহত রেখেছেন।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, স্কটিশ পার্লামেন্ট ও বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।