জাকাত সংগ্রহে গিয়ে মানুষ জীবন বিপন্ন হচ্ছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, মানুষের দারিদ্র্যসীমা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ প্রতিবছর জাকাত সংগ্রহ করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে তুলতে বাধ্য হচ্ছে। এই চিত্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি অর্জনের বাগাড়ম্বর সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।
আজ শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়া এই কথা বলেন। তিনি এই ঘটনায় স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার কোনো গাফিলতি আছে কি না তা তদন্ত করারও দাবি জানান।খালেদা জিয়া বলেন, ‘প্রতিবছরই জাকাতের কাপড় বা অর্থ বিলির সময় অসচেতনতার কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জাকাত প্রদানকারী ব্যক্তিবর্গের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। এই ঘটনায় সরকারও তার দায় এড়াতে পারে না। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আগেই শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করলে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটতো না।’
খালেদা জিয়া নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।