দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কোনো রূপরেখা ঘোষণা করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কড়া সমালোচনা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এক মাসের জন্য দায়িত্ব দেওয়া হলে সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের নেতারা চার দফা দাবি জানান। এগুলো হলো করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রূপরেখা ঘোষণা, সব শিক্ষার্থীকে বিনা মূল্যে করোনার টিকা দেওয়া, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল অভিযোগ করে বলেন, ‘সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরানোর কোনো উদ্যোগ নেই। শিক্ষার্থীরা হতাশায় ভুগছেন, পড়াশোনা শেষ না করেই অনেকে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। এই সরকার চায় যুবসমাজ ধ্বংস হয়ে যাক। এগুলো আমরা সহ্য করব না। শিক্ষার্থীদের কথা চিন্তা না করে সরকার লুটপাটের ভাগবাঁটোয়ারা নিয়ে ব্যস্ত। জাতিকে পঙ্গু করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নীলনকশা তৈরি করেছে। এই নকশা আমরা বাস্তবায়িত হতে দেব না।’
শিক্ষামন্ত্রী দীপু মনির কড়া সমালোচনা করেন দীপক শীল। মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এক মাসের জন্য আমাদের হাতে ক্ষমতা দিন, রূপরেখা ঘোষণা করে আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরাব।’
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সংহতি সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি শরিফুজ্জামান, চিকিৎসক কাজী রফিকুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার প্রমুখ বক্তব্য দেন। সংহতি জানান সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র দেব, মনীষা চক্রবর্তী, মেহেদী হাসান প্রমুখ।
কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের এই সমাবেশ চলাকালে পাশেই সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর বাতিলের দাবিতে করবিরোধী ব্যঙ্গচিত্র প্রদর্শনী করে। ব্যঙ্গচিত্রগুলো সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও কার্টুনিস্ট জাহিদ জামিলের আঁকা। মূলত ছাত্র ইউনিয়নের ‘বিদ্রোহী অংশ’ ব্যঙ্গচিত্র প্রদর্শনী কর্মসূচিটির আয়োজন করেছিল।