মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নিজের ঘরের বারান্দায় মা ও গর্ভের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জাতির কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘মায়ের পেটে শিশু হত্যাচেষ্টায় যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাদের বিচার হবে কি না, জানি না। সরকারের উচিত এ ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।’
জাপার চেয়ারম্যান আরও বলেন, ‘মায়ের পেটের শিশুও নিরাপদ নয়, এটা আমরা ভাবতেও পারি না। পত্রপত্রিকা খুললেই শিশু নির্যাতনের খবর দেখা যায়। গত তিন বছরে সারা দেশে ৭৬৭টি শিশু মারা গেছে। কেন এসব হচ্ছে? কারণ, যারা করছে তারা জানে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। ’
‘বিচারহীনতার সংস্কৃতি’ নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক সেনাশাসক এরশাদ বলেন, ‘কারা এসব করছে তা আমরা জানি। যদি সুবিচার হতো, তাহলে এর প্রকোপ অনেক কমে যেত। তবে আমার মনে হয় না এ রকম (সুবিচার) কিছু হবে।’
এই বিচারহীনতার জন্য দায়ী কে, সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘বিচারহীনতার জন্য দায়ী সমাজ। এই সমাজ এ রকম ছিল না। আমরা কখনো নিষ্ঠুর ছিলাম না। সমাজে পরিবর্তন দরকার।’
হাসপাতালে এরশাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের প্রমুখ।