জাতির পিতার আদর্শে দেশ গড়তে হবে, বললেন রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সৌজন্যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সৌজন্যে

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙালি জাতির পিতা। দলীয় আদর্শ ও রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। জাতির পিতার দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে রওশন এরশাদ এসব কথা বলেন।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং ১৫ ও ২১ আগস্টের মর্মান্তিক ঘটনায় নিহত শহীদদের আত্মার মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জাপা নেতা কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফখরুল ইমামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।