জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি প্রভাবশালী নেতা আতাউর রহমান মুকুল।
আজ শুক্রবার সকালে বন্দর উপজেলার সমর ক্ষেত্র মাঠে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেন আতাউর রহমান।
অনুষ্ঠানে সাংসদ সেলিম ওসমান বলেন, আজ এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে এবং আনন্দ-উদ্দীপনায় জাতির পিতার জন্মদিন পালন করার মধ্য দিয়ে বন্দরের মানুষ প্রমাণ করেছে বঙ্গবন্ধু কোনো দলের নয়। বঙ্গবন্ধু দলমত-নির্বিশেষে সমগ্র বাঙালি জাতির।
মহানগর বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সন্ধ্যায় এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর অনুষ্ঠানে যোগ দিয়েছি। এখন জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি।’