জাতিসংঘ-যুক্তরাষ্ট্র-লন্ডন ঘুরে লাভ নেই: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাসেলস ও লন্ডন ঘুরে কোনো লাভ নেই। বিদেশে দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না।

আজ মঙ্গলবার গুলিস্তানের ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানের মতো যে সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে, তেমনি বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকার। বাংলাদেশেও সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করার পর মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচারী, পাকিস্তানিদের দোসর, এমনকি পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার শাহ আজিজুর রহমানকে তাঁর মন্ত্রিসভার প্রথম প্রধানমন্ত্রী করেছিলেন। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করেছিল, তাদের সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তাঁর এ সমস্ত কর্মকাণ্ডে প্রমাণ করে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের দোসর ছিলেন।’
হাছান মাহমুদ বলেন, পরবর্তীতে খালেদা জিয়া ক্ষমতায় এসে যারা এই দেশ এবং দেশের পতাকা চায়নি সেই মতিউর রহমান নিজামী এবং কামারুজ্জামানকে মন্ত্রী বানিয়ে তাঁদের গাড়িতে লাল-সবুজের সবুজ পতাকা লাগিয়ে দিয়েছিলেন। এটি শুধু জাতির সঙ্গে প্রতারণা নয়, ফৌজদারি অপরাধেরও শামিল। বিএনপি তাদের সহিংসতার অভ্যাস এখনো অব্যাহত রেখেছে।

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির অনেক নেতা মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর পরবর্তী প্রজন্ম। বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতা আছেন যাঁদের পরিবার হয় মুসলিম লীগ, না হয় পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী বিভিন্ন দলের ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আর কিছু আছেন সুযোগসন্ধানী।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দারসহ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।