জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান কাদের সিদ্দিকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের সিদ্দিকী। ফাইল ছবি
কাদের সিদ্দিকী। ফাইল ছবি

দেশের বর্তমান সংকট নিরসনে উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও কিছু বক্তব্য দেন।
আজ বুধবার মতিঝিলে তাঁর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ আহ্বান জানান। একই সঙ্গে তাঁর অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
কাদের সিদ্দিকী বান কি মুনকে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা পুনর্মূল্যায়নের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে আইন ও সংবিধানের মধ্যে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ভারত সরকারকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এই সরকারকে বিন্দুমাত্র সমর্থন দিলে এ দেশের মানুষের হৃদয় থেকে ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে। এ দেশের জন্মের সময় ভারতের অবদান রয়েছে। আমাদের কৃতজ্ঞতা যেন ভারত না হারায়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে কথা বলতে চাই। ঘরে থাকতে থাকতে সময় দিয়েন। গণেশ উল্টে গেলে আর সময় দিয়ে লাভ নেই। শুধু খালেদা জিয়ার সঙ্গে কেন? যাদের সঙ্গে ভালো হয়, তাদের সঙ্গে আলোচনা করুন।’

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী।