জাতিসংঘের সুখ সূচক প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বেড়েছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে, এটা প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। আগে ১০১তম থাকলেও এখন ৭ ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। সেখানে ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের অবস্থান ১২১।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে বিশ্ব অর্থনীতি প্রচন্ড চাপের মধ্যে আছে। বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বেড়েছে। বিএনপি ও তাদের মিত্ররা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে, মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টা না করলে মানুষের সুখ–সমৃদ্ধি আরও বাড়ত। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আরও এগোনো যেত।

হাছান মাহমুদ বলেন, ‘আশা করি বিএনপি মানুষকে ক্রমাগতভাবে অসুখী করার যে অপচেষ্টা চালাচ্ছে, এই রিপোর্টের পর তারা তা থেকে নিবৃত্ত হবে। আশা করব, তারা সরকারকেও অভিনন্দন জানাবে।’

এ সময় বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে দ্রব্যের মূল্য বেড়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির আঁচড় থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে মুক্তি দিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে এক কোটি পরিবারকে অর্থাৎ পরিবারপ্রতি গড়ে পাঁচজন থাকলে পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে প্রতি কেজি চাল ৩০ টাকা, আটা ১৮ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি করা হবে।