জাতীয় পার্টিতে মসিউর রহমানকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে পুনর্বহালের দাবিতে রংপুরে গতকাল শুক্রবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন নেতা-কর্মীরা।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়। সেই সঙ্গে মসিউর রহমানকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

মসিউর রহমানকে দলে পুনর্বহাল এবং রংপুর জেলা ও মহানগর কমিটি পুনর্বহালের দাবিতে গতকাল রংপুর শহরের সেন্ট্রাল রোডের জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ করেছেন। এতে সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত হওয়া জেলা জাতীয় পার্টির সহসভাপতি আবদুল লতিফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদ্য বিলুপ্ত হওয়া মহানগর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, জাপার নেতা আবদুর রাজ্জাক, হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মসিউর রহমানকে দলে পুনর্বহাল করা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে আলটিমেটাম দেওয়া হয়। সমাবেশের আগে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত হওয়ার পর রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন কমিটির নেতাদের তৎপরতা দেখা যায়নি।

জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটিতে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা হলেন জেলা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী ও সদস্যসচিব সাবেক সাংসদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। মহানগর কমিটির আহ্বায়ক হলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক দুজন হলেন সালাউদ্দিন কাদেরী ও এ কে এম আবদুর রউফ মানিক এবং সদস্যসচিব এস এম ইয়াসির।