জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন এবং জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের অনেক নেতা-কর্মী গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
ফেনীর পরশুরামে গতকাল বিকেলে উপজেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া কে বি এম জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিনের নেতৃত্বে জেলা কমিটির সব নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ ছাড়া তাঁদের সঙ্গে সহস্রাধিক নেতা-কর্মীও আওয়ামী লীগে যোগ দেন।
দলীয় ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন নিশ্চিত করতে মেয়র আলাউদ্দিন জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।