জাতীয় পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি: এরশাদ
আগামী নির্বাচনে ‘জাতীয় পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি’ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করি। ১৫১ আসন হলে ক্ষমতায় যাওয়া যায়। তাই আগামীতে আমাদের লক্ষ্য ১৫১। চেষ্টা করব আরও বেশি পেতে।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসের এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে প্রথমেই শিক্ষাঙ্গনগুলো ‘রণাঙ্গন’মুক্ত হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলো থেকে জাতীয় রাজনীতিবিদ তৈরি করা হবে।
সভায় এরশাদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) প্রায় বলেন এরশাদ খুনি। আমি বলব, আয়নায় নিজের চেহারা দেখেন। সারের দাবি করায় আপনি ১৮ জন কৃষককে হত্যা করেছেন। বিদ্যুৎ চাওয়ায় কানসাটে ২০ জনকে হত্যা করেছেন। তাঁদের তালিকা আমাদের কাছে আছে। যদি সুযোগ পাই, তাঁদের জন্য স্মৃতিসৌধ করব।’
সভায় আরও বক্তব্য দেন জিয়াউদ্দিন আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, এম এ হান্নান, সাইদুর রহমান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন সৈয়দ আবু হোসেন।