জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে শাহবাগ, প্রেসক্লাব, মৎস্যভবন, শিক্ষাভবন এলাকা দিয়ে বাস ও ট্রাকযোগে এবং হেঁটে সমর্থকেরা যাচ্ছেন। তাঁরা অনেকেই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। মাইকে গান শোনা যাচ্ছে।
বেলা সাড়ে ১১টার পর সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আরও বক্তব্য দেবেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে মাঠ ও আশপাশের এলাকা। জাতীয় পার্টির নেতা-কর্মীর ছবিসংবলিত ব্যানার, পোস্টার দিয়ে সমাবেশের চারপাশ সাজানো হয়েছে। উদ্যানের ঠিক মাঝখানে উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান মঞ্চের কয়েক ফুট দূরে নির্মাণ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। মঞ্চে সকাল থেকে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। মঞ্চের সামনে নারী-কর্মী ও ঢাকার বাইরে থেকে আসা কর্মীদের জন্য ১০ হাজার চেয়ার দেওয়া হয়েছে। মাইক দেওয়া হয়েছে উত্তর-পশ্চিমে শাহবাগ, দক্ষিণ-পূর্বে কদমফোয়ারা, মৎস্যভবন ও কাকরাইল পর্যন্ত।