জাতীয় ঐকমত্যের সৃষ্টি নিয়ে ভিন্নমত আ.লীগ-বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তা নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, জাতীয় ঐকমত্য সৃষ্টি করা কঠিন কাজ। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) আয়োজিত গোলটেবিল আলোচনায় গতকাল সোমবার তাঁরা এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা হয়।
আলোচনায় আমীর খসরু মাহমুদ বলেন, বর্তমান সংসদ প্রতিনিধিত্বশীল কি না বা এ সরকারের সময়ে প্রশাসনে নিয়োগ পাওয়া ব্যক্তিরা নির্দলীয় কি না, এ নিয়ে প্রশ্ন আছে। যে সংসদে ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত, তাঁরাই কমিশন গঠনের জন্য আইন করবেন, এটা হতে পারে না। সুতরাং যা কিছু করতে হয়, তা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। আইন করে হোক বা অন্য যেভাবেই হোক, নির্বাচনের জন্য একটা স্থায়ী পদ্ধতি বের করতে হবে।
এরপর আবদুর রাজ্জাক বলেন, জাতীয় ঐকমত্য সৃষ্টি করা অনেক কঠিন কাজ। বিএনপির নেত্রীর ছেলের মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি দেখা দেননি। এ অবস্থায় কীভাবে জাতীয় ঐকমত্য আশা করা যায়? তবে তিনি এ বক্তব্য শুরুর আগেই আমীর খসরু অনুষ্ঠান ছেড়ে চলে যান।
আবদুর রাজ্জাক বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটি গঠন করে অনন্য নজির স্থাপন করেছিলেন। স্বাভাবিকভাবে বর্তমান রাষ্ট্রপতিও তাই করবেন। এতে কমিশন নিরপেক্ষ হবে কি না জানি না। তবে প্রয়োজনে আইন হতে পারে। কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন ক্ষমতাসীন সরকার না চাইলে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন সুষ্ঠু হবে না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকবে, তাদের নিরপেক্ষ হতে হবে। তবেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। স্থানীয় সরকার বিশ্লেষক তোফায়েল আহমেদ বলেন, বিশ্বের অনেক দেশে কমিশন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এ দেশে গণতন্ত্রের চর্চা কম বলেই এমন অবস্থা। কিন্তু দেশে গণতন্ত্রের চাহিদা আছে কি না, এটা তো প্রশ্ন। দীর্ঘদিন ধরে দলগুলো এক ব্যক্তির নেতৃত্বে চলছে। গণতন্ত্র না থাকলেই বরং অনেকের লাভ।
আইনজীবী শাহদীন মালিক বলেন, সংবিধানে বলা আছে আইন করে কমিশন গঠন করতে হবে। এখন আইন না করে রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি গঠন করে আগামী ফেব্রুয়ারিতে কমিশন গঠন করলে তা নিয়ে মার্চেই আদালতে প্রশ্ন উঠবে। বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, দলীয় সরকার না থাকলে দেশের সবচেয়ে অযোগ্য লোকটিকে দায়িত্ব দিলে সেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে। তাই নির্বাচনের জন্য সরকার পদ্ধতি কী হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু একজন নারী কমিশনার নিয়োগের পরামর্শ দেন। অনুষ্ঠানে ইডব্লিউজির সুপারিশে কমিশন গঠনে রাষ্ট্রপতিকে যাতে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ না করতে হয়, সে অনুযায়ী সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কমিশন গঠনের জন্য সংবিধানের নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করার কথা বলা হয়েছে।
ইডব্লিউজির নির্বাহী কমিটির সদস্য আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, এস এম আকরাম, নাসিম আক্তার হোসাইন, শারমীন মুরশিদ, তালেয়া রেহমান প্রমুখ।