জাতীয় ঐক্য বাংলাদেশে বিদেশি আধিপত্য রুখতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র জাতীয় ঐক্য বাংলাদেশে বিদেশি আধিপত্য রুখতে পারবে। দেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন দরকার। 

গণসংহতি আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার পথ’ শীর্ষক মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন বক্তারা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার বেলা দেড়টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দক্ষিণ এশিয়ার জন্য যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মনোযোগ বেড়েছে কৌশলগত কারণে। তাদের মধ্যে ঐক্য এবং সংঘাত—দুটিই বাংলাদেশের জন্য ঝুঁকি। বাংলাদেশের এই ঝুঁকি থেকে বাঁচার একমাত্র উপায় হলো জনসমর্থিত নিজস্ব এজেন্ডা ঠিক রাখা।
আনু মুহাম্মদ বলেন, এই এজেন্ডা বা নিজস্ব গতিপথ ঠিক করতে বাংলাদেশের জনগণ ভূমিকা রাখতে পারে। ভারতের জনগণ অজ্ঞতা, অস্বচ্ছতার ও তথ্যগত অন্ধকারের মধ্যে রয়েছে। ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা দরকার। তিনি বলেন, ‘ভারতের জনগণকে যুক্ত করা ছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতকেন্দ্রিক বৃহৎ পুঁজির ভয়ংকর রকম আগ্রাসনে আমরা আক্রান্ত হব।’
দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে বলে উল্লেখ করে মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশে জাতীয় ঐক্য যদি সৃষ্টি করা না যায়, তাহলে কোনো ধরনের বিদেশি শক্তির আধিপত্য থেকে এ দেশ মুক্ত হতে পারব না। আর জাতীয় ঐক্য, সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অভ্যন্তরীণ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা।
মতবিনিময় সভায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, ভারত শুধু নিতে জানে, দিতে জানে না। অন্যান্য সমস্যার সমাধান না করে প্রতিরক্ষা চুক্তি কেন করা হচ্ছে? সবার মধ্যে এই প্রশ্ন দাঁড়িয়েছে। দেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান বলেন, ভারতের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হওয়ার। সেই আকাঙ্ক্ষার অনুশীলন ভারত বাংলাদেশের মধ্য দিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
দেশে জঙ্গিবাদকে ঘিরে অস্ত্রের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে উল্লেখ করে তানজিম উদ্দিন খান বলেন, অস্ত্র বাজারের এই সম্ভাবনার ক্ষেত্রে ভারত কেন পিছিয়ে থাকবে। দক্ষিণ এশিয়ার অস্ত্র বাজার চীন দখল করে আছে। এই অস্ত্র বাজারে ভারতের জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তির ব্যাপারে গত ৪৬ বছরেও বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি নেই। অর্থাৎ, বাংলাদেশ চুক্তি করতে গিয়ে কোন পথে এগোবে, তা নিয়ে ঘোষিত কোনো নীতি নেই।
মতবিনিময় সভায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, শিল্পী অরূপ রাহী প্রমুখ বক্তব্য দেন।