জাতীয় ঐক্য হয়ে গেছে: ইঞ্জিনিয়ার মোশাররফ
সন্ত্রাস ও জঙ্গিদের বাদ দিয়ে ইতিমধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, জঙ্গি ও সন্ত্রাসীদের ছাড়া, তা ইতিমধ্যে হয়ে গেছে। এই ঐক্য নিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করব।’
আজ রোববার সকালে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুননেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোশাররফ হোসেন এসব কথা বলেন।
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সরকারি ত্বরিত পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘ফ্রান্সও পারে নাই, জার্মানিও পারে নাই। অন্য যেসব দেশে জঙ্গি হামলা হয়েছে, একমাত্র দ্রুতগতিতে এর মোকাবিলা করতে পেরেছেন বঙ্গবন্ধু–কন্যা।’
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘কার সঙ্গে ঐক্য? যারা বাংলা ভাই সৃষ্টি করেছে তাদের সঙ্গে? প্রধানমন্ত্রী যে জনতার ঐক্যের ডাক দিয়েছেন, তা ইতিমধ্যে হয়ে গেছে। এই ঐক্য নিয়েই আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে শেষ করতে পারব।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম নিখিল প্রমুখ।