জাতীয় ঐক্যে বাধা জামায়াত, আলোচনা ২০-দলীয় জোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি যে জাতীয় ঐক্য গড়ার কথা বলছে, সে ঐক্য গড়ার ক্ষেত্রে তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে অন্যতম বাধা বলে মনে করা হচ্ছে। গতকাল বুধবার রাতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি জোটের করণীয় ঠিক করতে গতকাল রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ২০-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, একপর্যায়ে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়টি সামনে আসে। এ সময় একটি জাতীয় কনভেনশন করার প্রস্তাব ওঠে। বৈঠকে থাকা জামায়াতের প্রতিনিধি জাতীয় ঐক্য ও কনভেনশনের প্রস্তাবকে সমর্থন জানান। তখন কেউ কেউ বলেন, বিএনপি এটি করতে চায়। কিন্তু এ ক্ষেত্রে জামায়াতই বাধা। জামায়াতের কারণে আরও কিছু দল ও ব্যক্তি আমাদের জাতীয় ঐকের আহ্বানে সাড়া দিতে রাজি হন না। তখন জামায়াতের প্রতিনিধি বলেন, ভোটের রাজনীতিতে তাদের অবস্থান কী? জবাবে বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, এটি ভোটের বিষয় না। এখানে জাতীয় রাজনীতিতে তাঁদের অবস্থান ও প্রভাব গুরুত্বপূর্ণ।
শেষে জামায়াতের প্রতিনিধি বলেন, জোটে কে থাকবে, না থাকবে সে সিদ্ধান্ত নেবেন জোটের প্রধান।
সূত্র জানায়, বৈঠকে জঙ্গি ইস্যুতে কর্মসূচি দিয়ে মাঠে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। গত রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে বলেন, দলের জ্যেষ্ঠ নেতা এবং আগামীকাল (আজ) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করবেন। জোটের বৈঠকের পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হামলার পর বিএনপির চেয়ারপারসন সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, ২০-দলীয় জোট সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
বিএনপির কয়েকটি সূত্র জানায়, জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে মাঠে নামার চিন্তা করছে বিএনপি। প্রাথমিকভাবে ঢাকাসহ দেশের ১৯টি জেলায় সমাবেশ করার একটি প্রস্তাব ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর বিএনপি সূত্র জানায়, ৮ জুলাই মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। বৈঠকে বরিশাল বাদে সব কটি মহানগর ও কয়েকটি জেলা শহর মিলিয়ে ১৯টি জায়গায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ করার প্রস্তাব আসে। এর মধ্যে ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহানগর নেতাদের নেওয়া এ প্রস্তাব সম্প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে লিখিত আকারে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম, এলডিপির শাহাদাত হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান প্রমুখ।