জাতীয় ঐক্যের খাতা থেকে তাদের নাম কাটা গেছে
জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধীদের সঙ্গে খালেদা-বিএনপির খাতিরের কারণেই জাতীয় ঐক্যের খাতা থেকে তাদের নাম কাটা গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জঙ্গি ও তাদের দোসর বাদে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনের যুদ্ধে এক কাতারে শামিল।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভায় ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্ট, হেফাজত তাণ্ডব ও আগুনযুদ্ধের সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কযুক্ত। খালেদা-বিএনপি এদের রাজনৈতিক মিত্র। জঙ্গিরা নিরপরাধ মানুষ হত্যা করে আর খালেদা-বিএনপি চক্র বিভ্রান্তির ফানুস উড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। সে কারণে এই জঙ্গি দমন যুদ্ধ সম্পূর্ণভাবে সফল করতে হলে জঙ্গি ও জঙ্গি দোসরদের ধ্বংস করার বিকল্প নেই।’
ইসলামের সঙ্গে জঙ্গিবাদ যায় না উল্লেখ করে ইনু বলেন, ‘জঙ্গিরা ইসলামের তকমা ব্যবহার করে, কিন্তু আসলে তারা জঘন্য খুনিচক্র এবং সাম্প্রদায়িকতার বিষের শিশি। এরা হত্যা-খুন-চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায়। এরা ধর্মের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু।’
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, জঙ্গি দমনে জঙ্গি ও তাদের প্রশ্রয়দাতারা ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, একাত্তরের মতোই সকলে মিলে জঙ্গিবাদীদের হানাদার-রাজাকারদের মতো পরাজিত করা হবে।
নৌপরিবহনমন্ত্রী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ এনামুর রহমান, আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, মুক্তিযোদ্ধা কবীর খান, ইসমত কাদির গামা প্রমুখ।