জাতীয় কমিটির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল কয়লাভিত্তিক বিদুৎ​কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে সড়ক–মহাসড়কে গণ–অবস্থান কর্মসূচি পালন করেছে তেল–গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ​–বন্দর রক্ষা জাতীয় কমিটি। ছবিটি গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
রামপাল কয়লাভিত্তিক বিদুৎ​কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে সড়ক–মহাসড়কে গণ–অবস্থান কর্মসূচি পালন করেছে তেল–গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ​–বন্দর রক্ষা জাতীয় কমিটি। ছবিটি গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার দেশব্যাপী ওই কর্মসূচি পালন করেছে জাতীয় কমিটি।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় জাতীয় কমিটির নেতারা অভিযোগ করেন, চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলায় কমিটির প্রায় ১০ জন আহত হয়েছেন। ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। খুলনায় পুলিশ বাধা দিলেও বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সাম্রাজ্যবাদবিরোধী শহীদ মতিউল কাদের চত্বর-প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
সমাবেশে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুন্দরবনবিনাশী প্রকল্প, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, উন্নয়নের নামে ঋণ ও দুর্নীতিনির্ভর প্রকল্প—এসবই পরস্পর সম্পর্কিত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এখন কার্যত দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে। দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা প্রাণের সুন্দরবনকে ধ্বংস করতে সরকারের দ্বিধা নেই। সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়াতে কোনো দ্বিধা নেই। বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করতে বাপেক্সকে পঙ্গু করতেও কোনো দ্বিধা নেই।
সমাবেশ থেকে আগামী ১৮ মার্চ জ্বালানি নিরাপত্তা টেকসই সমাধানের জন্য সরকারের মহাপরিকল্পনার বিপরীতে জনস্বার্থে বিকল্প মহাপরিকল্পনা উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সুন্দরবন উপকূলীয় এলাকায় মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হয়।