জাতীয় কমিটির ডাকা হরতালে বিএনপির সমর্থন
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি।
গতকাল রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির এই সমর্থনের কথা জানান। ২৬ জানুয়ারি আধা বেলা হরতাল ডেকেছে জাতীয় কমিটি।
রিজভী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে না আসায় দেশের মানুষের পক্ষে, দেশের স্বার্থে বিএনপি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছে। তিনি দাবি করেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। সরকারের উচিত সত্য স্বীকার করে এই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা।
‘জাতীয়তাবাদী দর্শনের ওপর আক্রমণ’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে সাংস্কৃতিক আগ্রাসন চলছে। আক্রমণ নেমে এসেছে জাতীয়তাবাদী দর্শনের ওপর, বাংলাদেশের কৃষ্টি ও স্বকীয়তার ওপর। প্রকাশকেরা বলেছেন, তাঁদের বই ছাপতে দেওয়া হয় না। জাতীয়তাবাদের ওপর কোনো বই থাকলে তা ছাপতে দেওয়া হয় না; বরং ভয় দেখানো হয়।
‘রাষ্ট্রপতিকেও দায় নিতে হবে’
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গ্রহণযোগ্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশে যদি আবারও সংকট ঘনীভূত হয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তার দায় সরকারের পাশাপাশি রাষ্ট্রপতিকেও নিতে হবে।