জাতীয় কমিটির মিছিলে 'হামলার' নিন্দা বিএনপির
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের ‘হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় কমিটির মিছিলে হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে যে সরকার অন্য দেশের স্বার্থ রক্ষায় দেশের ক্ষতি করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। সরকার ‘আশীর্বাদপ্রাপ্ত’ একটি দেশের স্বার্থে বাধা পড়তে পারে, এমন আশঙ্কায় জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশ আক্রমণ চালিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হন বলে দাবি করেছেন জাতীয় কমিটির নেতারা।
জাতীয় কমিটির কর্মসূচিতে হামলাকে ‘বর্বরোচিত, পাশবিক ও নিষ্ঠুর’ আখ্যা দেন রিজভী। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এতে অন্যরা লাভবান হবে।’
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না? এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে রিজভী বলেন, ‘দেশ রক্ষার যেকোনো কাজে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও করবে।’
রিজভী অভিযোগ করেন, সন্দেহভাজন জঙ্গিদের জীবিত আটক করতে না পারা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে। তাদের জীবিত আটক করা হলে অনেক প্রকৃত তথ্য পাওয়া যেত।