জাতীয় নির্বাচন হলে বর্তমান অবস্থা দূর হবে: এমাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, সারা দেশে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের পরিবর্তে জাতীয় নির্বাচন হলে বর্তমান অবস্থা দূর হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমাজউদ্দীন এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।
এমাজউদ্দীন বলেন, দেশে সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরও মানুষ কেন আতঙ্কের মধ্যে বসবাস করবেন? জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা সরকারের নেই, সেটি স্বীকার করার সৎ সাহসও নেই। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনিশ্চয়তার শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ‘বাড়াবাড়ি’ করার প্রয়োজন নেই। জাতীয় নির্বাচন হোক, ভোটাররা নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা ভোট চাইতে পারবেন—সেই পরিবেশ তৈরি করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, ‘একটা কথা মনে রাখবেন, আপনারা সরকার নয়, রাষ্ট্রের কর্মকর্তা। আপনাদের দায়িত্ব জনগণের সহায়তা করা, তাঁদের দিকে দৃষ্টি দিয়ে অগ্রসর হবেন। সরকারের কিছু কিছু কথা শোনার প্রয়োজন আছে। কিন্তু সব কথা শোনার প্রয়োজন নেই।’
সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
‘জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা প্রতিহত করা হবে’: সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে পরশ্রীকাতরতার সবচেয়ে বড় অধ্যায় হবে যদি সরকার জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার চেষ্টা করে। বিএনপি সর্বশক্তি দিয়ে এই ‘অপচেষ্টা’ প্রতিহত করবে। তিনি বলেন, লুই কানের নকশায় কবর থাকবে কী করে, তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন। তিনি এ ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উলফার নেতা অনুপ চেটিয়াকে কোন প্রক্রিয়ায় ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে তার ব্যাখ্যাও দাবি করেন বিএনপির এই নেতা।