জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব মুক্তিজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সমন্বয়ে জাতীয় পরিষদ গঠন, ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) ব্যবস্থা চালু করাসহ নির্বাচন কমিশনকে (ইসি) বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় মুক্তিজোট। গতকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হলো।

সংলাপ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মুক্তিজোট প্রত্যেক নাগরিকের স্থায়ী ঠিকানায় ভোটার হওয়া, প্রবাসীদের জন্য দূতাবাসগুলোয় ভোটকেন্দ্র চালু করা, নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যমান রাখা, ভোটার তালিকা সিডি ও ডিভিডি আকারে প্রতিটি নিবন্ধিত দলের কাছে পৌঁছানো এবং কমিশনের জনবল বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

গতকাল সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা ছিল। কিন্তু দলটি সংলাপে অংশ নেয়নি। বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তাঁদের আগস্টের কর্মসূচি আছে। এ ছাড়া বন্যার্তদের ত্রাণ বিতরণে নেতা-কর্মীরা কাজ করছেন। এ কারণে তাঁরা সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।