জাতীয় পার্টি কোনো জোট নিয়ে ভাবছে না: মুজিবুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন মহাসচিব মো. মুজিবুল হক। আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়
ছবি: জাতীয় পার্টির সৌজন্যে

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেছেন, জাতীয় পার্টি কোনো জোট নিয়ে ভাবছে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থিতা চূড়ান্ত করার কাজ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

ফেনী জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মুজিবুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি। আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, জাতীয় পার্টি কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করবে। দেশের মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়কপথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখাতে তারা বিনা মূল্যে সব চিকিৎসা পাবে।

মুজিবুল হক বলেন, আওয়ামী লীগের কর্মীরা এমনভাবে লুটপাট করছেন, যাতে আগামী ২০-৩০ বছরে তাঁদের আর অভাব হবে না। আওয়ামী লীগের কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। আর বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে।

মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিষহ জীবন যাপন করছে।
ফেনী জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফেনী জেলা আহ্বায়ক রাশেদ চৌধুরী প্রমুখ।