জাতীয় পার্টি নিয়ে মানুষ হাসিঠাট্টা করে: এরশাদ
‘জাতীয় পার্টিকে নিয়ে মানুষ হাসিঠাট্টা করে’ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি নয় বছর ক্ষমতায় ছিল। ৪০০টি পৌরসভায় আমরা মাত্র একটি আসন পেলাম। এর চেয়ে লজ্জা আর কী হতে পারে। মানুষ জাতীয় পার্টিকে নিয়ে হাসিঠাট্টা করে। অপমানে আমি মুখ দেখাতে পারি না।’
গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত সংবর্ধনা সভায় এরশাদ এসব কথা বলেন। সভায় জাপার নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দেওয়া হয়।
পৌর নির্বাচনে দলের খারাপ করার কারণ হিসেবে এরশাদ বলেন, ‘লাঙ্গল মানুষের প্রিয় প্রতীক। মানুষ লাঙ্গলে ভোট দিতে চায়। কিন্তু মানুষ বলে আপনাদের ভোট দেব কেন? আপনারা তো সরকারি দল। তাহলে সরকারকেই ভোট দিই।’ তিনি বলেন, জাতীয় পার্টির একটা স্লোগান আছে—আসন ১৫১। এত দিন মনে হয়েছে ১৫১ সিট পাওয়া অসম্ভব। এখন মনে হচ্ছে সম্ভব। আজ নবজাগরণ সৃষ্টি হয়েছে।
জি এম কাদের বলেন, ‘ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে দেশে বিরোধী দলের রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। এ শূন্যতা পূরণে জাতীয় পার্টিকে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে।’
যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন প্রমুখ।