নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, আছে একে অন্যকে কোণঠাসা করার মানসিকতা। তা সত্ত্বেও চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের মধ্যে এক জায়গায় মিল রয়েছে। তা হলো—জাতীয় পার্টিকে ঠেকানো। নগরের কোতোয়ালি-বাকলিয়া (চট্টগ্রাম-৯) আসনে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ তাঁরা। ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।
চট্টগ্রাম-৯ আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ (বাবলু)। আগামী নির্বাচনে জোট হলেও এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে না দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে কোতোয়ালি থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটি। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় কোতোয়ালিতে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কোতোয়ালি আসনে দলের মধ্যে গ্রহণযোগ্য কোনো নেতাকে মনোনয়ন দেবেন বলে তাঁরা আশা করছেন। জিয়াউদ্দিনকে মনোনয়ন দিলে সাধারণ নেতা-কর্মীদের মেনে নিতে কষ্ট হবে। তাঁর (সাংসদ) সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি নিজের মতো চলেন। তৃণমূলের নেতা-কর্মীরাও চান এই আসনটি জাতীয় পার্টিকে যাতে ছেড়ে দেওয়া না হয়।
মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী গত ১১ জুলাই বাকলিয়ায় সমাবেশ করে নৌকার জন্য ভোট চেয়েছেন। মহিবুল হাসানও এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। ছেলের প্রার্থিতার বিষয়ে মহিউদ্দিন চৌধুরী কোনো মন্তব্য করেননি। বিষয়টি নেত্রী (শেখ হাসিনা) বিবেচনা করবেন বলে তিনি জানান।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নুরুল ইসলাম (বর্তমান প্রবাসীকল্যাণমন্ত্রী) আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনিও দলীয় সিদ্ধান্ত মেনে চুপ ছিলেন। পরে তাঁকে মন্ত্রী করা হয়। মন্ত্রীর বড় ছেলে মুজিবুর রহমান দুই মাস ধরে এলাকায় গণসংযোগ করছেন। তাঁর বাবা কিংবা তিনি এই আসনের প্রার্থী হতে আগ্রহী বলে মুজিবুর রহমান প্রথম আলোকে জানান।
৪ আগস্ট কোতোয়ালি থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় দল থেকে এই আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাবটি তুলেছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসা রয়েছে তাঁর। তিনি কোতোয়ালি আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
জাহাঙ্গীর আলম প্রথম আলোর কাছে দাবি করেন, জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ নেই। থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এবার দল থেকে প্রার্থী দিতে তাঁর প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। এই ইস্যুতে দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি এখনো মহাজোটে রয়েছে। কোতোয়ালি-বাকলিয়া আসনে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত নেবে জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের প্রধান। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। কোতোয়ালি থানা আওয়ামী লীগ দাবি তুললেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই।
এদিকে জিয়াউদ্দিন আহমেদ এলাকায় আগের চেয়ে জনসংযোগ বাড়িয়েছেন। তিনি নিয়মিত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সামাজিক অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি বেড়েছে। কখনো কখনো রাতে হঠাৎ ফুটপাতে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন। সর্বশেষ ৫ আগস্ট রাতে আন্দরকিল্লার ফুটপাতে মানুষের সুখ-দুঃখের কথা শোনেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব নেই দাবি করে সাংসদ বলেন, ‘সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগের লোকজনও আমার পাশে আছে।’
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুরও ব্যতিক্রমী কর্মসূচি পালনের মাধ্যমে রাজনীতির মাঠে সাড়া জাগানোর চেষ্টা করছেন। তিনি গঠন করেছেন ‘চট্টগ্রাম অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম’ নামের ফেসবুকভিত্তিক সংগঠন। হাজারো কর্মী-সমর্থক এই ফোরামের সদস্য।
হাসান মনসুর প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের বাইরে জোটের কাউকে কোতোয়ালি থেকে মনোনয়ন দেওয়া হলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর কানাডাপ্রবাসী ছেলে জসিম উদ্দিন চৌধুরী এবং নাতি ইসতিয়াক আহমেদ চৌধুরীও কোতোয়ালি আসনে প্রার্থিতার লড়াইয়ে নেমেছেন। কানাডা থেকে দেশে ফিরে জসিম উদ্দিন চৌধুরী এলাকায় শত শত পোস্টার সাঁটিয়েছেন। পোস্টারে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জহুর আহমেদ চৌধুরীর ছবি রয়েছে।
ইসতিয়াক আহমেদ চৌধুরী বলেন, ‘আমার দাদা ১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে কোতোয়ালি থেকে নির্বাচিত হন। সেই রক্তের ধারাবাহিকতায় আমার চাচা (জসিম উদ্দিন চৌধুরী) এবং আমি মনোনয়ন চাইব।’
জাতীয় পার্টিকে ঠেকানো এবং দলের মধ্যে একাধিক মনোনয়নপ্রত্যাশীর বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যদি কোতোয়ালি আসনের বিষয়ে আমাদের মতামত চান, তাহলে আমরা মতামত দেব। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।’