জাতীয় পার্টির দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গতকাল শুক্রবার জাতীয় পার্টির দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি সভা আহ্বান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে সেখানে কেউ সভা করতে পারেনি। তবে এক পক্ষ বুধপুরা বাজারে ও অপর পক্ষ শান্তিরহাট এলাকায় পৃথক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের নেতৃত্বাধীন অংশ গতকাল পটিয়া পৌরসভার বাইরে বুধপুরা ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারে সম্মেলন আহ্বান করে। পরে সেখানে পাল্টা সভা ডাকে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাস্টারের নেতৃত্বাধীন পক্ষ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত বৃহস্পতিবার রাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ কারণে পুলিশ কোনো পক্ষকে সেখানে সভা করতে দেয়নি।
দলীয় সূত্র জানায়, নির্ধারিত স্থানে সভা করতে না পেরে নুরুচ্ছফা সরকার নেতা-কর্মীসহ মিছিল নিয়ে বুধপুরা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে হাছান চৌধুরীকে সভাপতি ও এম এম নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে শামসুল আলমের নেতৃত্বে তাঁর পক্ষের নেতা-কর্মীরা বুধপুরা ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারে যাওয়ার চেষ্টা করেন। প্রায় দুই কিলোমিটার দূরে শান্তিরহাট এলাকায় তাঁদের গতিরোধ করে পুলিশ। পরে তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নুরুচ্ছফা সরকার বলেন, ‘সুষ্ঠুভাবে সম্মেলন করার জন্য আমাদের যেভাবে সহযোগিতা করার দরকার ছিল, প্রশাসন সেভাবে করেনি।’
শামসুল আলম বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ না করে অবৈধ কমিটির মাধ্যমে যেখানে পকেট কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে পাল্টা সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন খলিফা প্রথম আলোকে বলেন, দুই পক্ষ একই স্থানে সভা ডাকায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তাই কাউকে সভা করতে দেওয়া হয়নি।