রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী না দিতে পারায় দলটির নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এই সুযোগে দলটির সমর্থন পেতে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র—তিন প্রার্থীই জোর চেষ্টা চালাচ্ছেন।
জাপার স্থানীয় সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। নেতা-কর্মীরা কোন প্রার্থীর পক্ষে কাজ করবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিয়েছে। কেউ মহাজোটের শরিক দল হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে কাজ করার কথা ভাবছেন। আবার কেউ কেউ এর বিরোধিতাও করছেন।
পৌর জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন বলেন, ‘দলীয় প্রার্থী দিতে না পারলেও আমাদের দলের সমর্থন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তবে নেতা-কর্মীরা নিজেদের মতো করে কাজ করছেন।’
নাম প্রকাশ না করার শর্তে জাপার স্থানীয় এক নেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই সমর্থন চাইছে। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও মতামত আসছে। তবে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা দেওয়া হলে দলের মধ্যে বিরোধ আরও চাঙা হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম বলেন, ‘আমরা দলীয়ভাবে বারবার বৈঠক করছি। কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তিন মেয়র প্রার্থীই আমাদের সমর্থন চাইছেন, এ কথা ঠিক।’
জাপার জেলা কমিটির সদস্যসচিব ও সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, ‘প্রার্থী মনোনয়ন দিতে না পারলেও এখন দলের সমর্থন কোন দিকে যাবে, তা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। তবে এ নিয়ে মন্তব্য করতে চাই না। নির্বাচনের শেষ মুহূর্তে কী পরিস্থিতি দাঁড়ায়, দেখা যাক।’
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, হারাগাছ পৌরসভায় চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০ মার্চ এখানে ভোট নেওয়া হবে। মেয়াদ পূর্ণ না হওয়ায় গত ৩০ ডিসেম্বর এই পৌরসভায় নির্বাচন হয়নি। মতৈক্য না হওয়ায় জাপা এখানে প্রার্থী দিতে পারেনি।
আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান বলেন, ‘মহাজোটের শরিক দল হিসেবে আশা করি জাতীয় পার্টি আমার পক্ষেই থাকবে।’ বিএনপির প্রার্থী ফারুক মোনায়েম মনে করছেন, প্রকাশ্যে না হলেও জাপার সমর্থন তাঁর দিকেই রয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র সাদাকাত হোসেন বলেন, ‘আমি একসময় জাতীয় পার্টিই করতাম। তাই হাল ছাড়িনি। আশা করি জাপার সমর্থন আমার পক্ষেই থাকবে।’ ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।