জাতীয় সংলাপ শুরুর তাগিদ খালেদা জিয়ার
দেশের এই ক্রান্তিকালে সরকার কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে জাতির স্বার্থেই একটি জাতীয় সংলাপ শুরুর পরিবেশ উন্মুক্ত করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এ আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই উপায় বের করতে হবে। তাঁর দল মনে করে, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীন অনতিবিলম্বে একটি নির্বাচনের আয়োজন এখন জরুরি।
লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরে। বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার নিজেই এই সংকট সৃষ্টি করেছে, যা ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে পড়ছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর ঘটনা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বিবৃতিতে দাবি করেন, এভাবে দলের শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক কারাবন্দী রাখার মধ্যে সরকারের দুরভিসন্ধি রয়েছে।
‘সরকার দেশের সব বিরুদ্ধ মতকে দমনে আজ বেপরোয়া’—এ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, তারা শুধু বিএনপিই নয়, নাগরিক সমাজ, অন্যান্য প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার বিরুদ্ধেও সরকারের সমালোচনা করায় ক্ষুব্ধ। এমনকি গণমাধ্যমও সরকারি রোষানলের বাইরে নয়।
বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, কতগুলো মৌলিক বিষয়ে সবার মতৈক্য হওয়া আশু প্রয়োজন। তা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সব পর্যায়ে বিচারব্যবস্থায় স্বাধীন বিবেচনাবোধে কাজ করতে উৎসাহিত করা, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গ্রেপ্তার করা সব রাজবন্দীর মুক্তি দেওয়া এবং মিথ্যা মামলা তুলে নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনা।