জাতীয় সংলাপের দাবি শত নাগরিক কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে শত নাগরিক জাতীয় কমিটি। এই পরিস্থিতিতে জাতীয় সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে ওই কমিটি।

আজ রোববার কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদারের পাঠানো শত নাগরিক কমিটির ওই বিবৃতিতে বলা হয়, এ ধরনের সন্ত্রাসী হামলাকে শুধু বর্বরোচিত বললে হবে না এটা সম্পূর্ণ মানবতার পরিপন্থী।
বিবৃতিতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি এ সন্ত্রাসী ঘটনার মোকাবিলার ক্ষেত্রে সেনা, নৌ, বিমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বলিষ্ঠ ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
শত নাগরিক কমিটি বলেছে, ‘দেশ ও জাতির এই ভয়ানক সংকটকালে যে কোনো মূল্যে সকল প্রকার মতানৈক্য-ঘৃণা-বিদ্বেষের সংস্কৃতি ভুলে জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিকে মজবুত করার উদ্যোগ নিতে হবে। এ সংকট মোকাবিলায় দেশে ফিরিয়ে আনতে হবে আইনের শাসন ও নির্বাসিত গণতন্ত্র।’
সরকার ও সকল রাজনৈতিক দল সময়োচিত ভূমিকা পালনে খোলা মন নিয়ে এগিয়ে আসবে এবং জাতীয় স্বার্থে এক টেবিলে বসে সকল সমস্যার সমাধানের উদ্যোগ নেবে বলে কমিটির প্রত্যাশা।
কমিটি বলেছে, শুধুমাত্র দু-চারজন জঙ্গিকে নির্মূল করলেই এ বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। এর জন্য দরকার সুবিবেচনাপ্রসূত, দৃঢ় ও ঐক্যবদ্ধ জাতীয় প্রয়াস। এ জন্য জাতীয় সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
বিবৃতি দাতারা হলেন: কমিটির আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, আনোয়ারউল্লাহ চৌধুরী, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, শওকত মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, জাফরুল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এজেডএম জাহিদ হোসেন, ওয়াকিল আহমেদ, খন্দকার মুশতাহিদুর রহমান, সদরুল আমিন, তাজমেরী এস এ ইসলাম, মোসলেহ উদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, আলমগীর মহিউদ্দিন, এম আবদুল্লাহ, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গণি চৌধুরী, রাশিদুল হাসান, ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেন প্রমুখ।