জাতীয় সংসদেও নারীরা অপমানিত হচ্ছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের লোকদের হাতে নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। জাতীয় সংসদেও আজ নারীরা অপমানিত হচ্ছেন।
গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পদে থাকা নারীদের ‘শোপিস’ বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘যখন সংসদে স্বঘোষিত বিরোধী দল, যেখানে তাঁর বউ হয়েছে লিডার অব দ্য অপজিশন, বিনা নির্বাচনে হলেও লিডার অব দ্য হাউস এবং বিরোধীদলীয় নেতা দুজনই মহিলা। সেখানে যদি বলা হয় মহিলারা সব শোপিস। অথচ দেশের ৫০ ভাগ নারী। সে দেশের মা-বোনকে কীভাবে অপমান করা হয়?’ তিনি বলেন, ‘যে লোক মানুষকে সম্মান দিতে জানে না, মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের নিয়ে যারা দল করে, তারা কোনো দিন এ দেশের মানুষকে সম্মান দিতে পারবে না।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দেশের অবস্থা আজ কী, তা সবাই জানেন। মানুষ এখন জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। আজ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমরা বলি না যে মারামারি, খুনোখুনি, ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব, জিতব। আমরা অমুক হব, তমুক হব। সেটা নয়। সবার অংশগ্রহণে সত্যিকারের সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেখানে যারাই জিতবে, তারাই সরকার গঠন করবে।’
বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান অসাধারণ একটি রাজনীতির মাধ্যমে কোটি কোটি মানুষকে বিদ্যুৎস্পৃষ্টের মতো জাগিয়েছেন, সেই মানুষটির রাজনীতিকে কেউ ক্ষতবিক্ষত করার চেষ্টা করলে বেদনায় মন ভরে যায়।’ তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুদ্র-তুচ্ছ, ভুল-ভ্রান্তি ও ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না। আর হিংসা করে কেউ কখনো বড় হয় না।’
ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, বিএনপির নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়েজুল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।