সিলেটে নগর আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও জাতীয় সম্মেলনের আগে নগরের সব ওয়ার্ড কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে নগর কমিটির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠন সূত্র জানায়, ২০১২ সালের নভেম্বরে মহানগরের সর্বশেষ সম্মেলন হয়। ত্রিবার্ষিক ওই সম্মেলনে বদরউদ্দিন আহমদ কামরান সভাপতি ও আসাদ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটির মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ বলেন, আগামী ২২ ও ২৩ অক্টোবর জাতীয় সম্মেলন। সময় স্বল্পতার কারণে নগরের সম্মেলন করা সম্ভব হবে না। তাই আপাতত নগরের সব ওয়ার্ডের সম্মেলন করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ১৭ অক্টোবর একটি প্রচার মিছিলের মধ্য দিয়ে জাতীয় সম্মেলনে অংশ নিতে প্রস্তুতির বিষয়টিও ঘোষণা করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় নগরের তালতলা এলাকায় গুলশান সেন্টারে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ওই সভা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতা সিরাজ বক্স, মফুর আলী, সিরাজুল ইসলাম, তুহিন কুমার দাস, মোশাররফ হোসেন, রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, এ টি এম হাসান জেবুল, কিশোর কুমার কর, তপন মিত্র, জগদীশ চন্দ্র দাস, সামসুল ইসলাম, আবদুর রহমান, আজাদুর রহমান, সৈয়দ শামীম আহমদ, ফাহিম আনোয়ার চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনায় বিশেষ মোনাজাত হয়। সভায় বক্তারা সংগঠনকে চাঙা করতে ও নতুন নেতৃত্বের বিকাশে নগরের ২৭ ওয়ার্ডের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে মত দেন। পরে জাতীয় সম্মেলনের আগে ওয়ার্ড কমিটিসহ নগরের সব ইউনিটের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়।