জাতীয় সরকারের নামে বিএনপি রাজনীতির মাঠ গরমের ষড়যন্ত্র করছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সরকার গঠনের নামে দেশের রাজনীতির মাঠ গরমের ষড়যন্ত্র করছে বিএনপি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির একেক নেতা একেক সময় ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। কখনো নির্বাচনকালীন সরকার, কখনো নিরপেক্ষ সরকার, কখনো জাতীয় সরকারের কথা বলে রাজনীতির মাঠ গরম করার ষড়যন্ত্র করছেন, যা কখনো সফল হবে না। সংবিধানসম্মতভাবে যথাসময়েই জাতীয় নির্বাচন হবে।
রাজনৈতিক দল হিসেবে বিএনপি সম্পূর্ণভাবে ব্যর্থ ও দেউলিয়া—এ দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শীর্ষ নেতারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত, পলাতক ও দেশান্তরি। শীর্ষ নেতাদের দুর্নীতির দায় রাজনৈতিকভাবে বয়ে বেড়াচ্ছে দলটি। তাই তাদের নেতা–কর্মীরা আজ হতাশ।
বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাঙালি বীরের জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের লাখ লাখ নেতা–কর্মী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করছেন এবং ভবিষ্যতেও করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের প্রতিদিনের বক্তব্য-বিবৃতি রাজনীতির সব ধরনের শিষ্টাচার ও শালীনতা লঙ্ঘন করে চলছে। তাঁদের বক্তব্য ও বিবৃতি সম্পূর্ণ মিথ্যাচার ও অপপ্রচারে পরিপূর্ণ। যেনতেন প্রকারে বিএনপি আজ ক্ষমতা দখলে এতই উন্মত্ত যে তাঁদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিএনপির নেতাদের এ ধরনের বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে সংকট সৃষ্টির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।