জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে : ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মামলা ও অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিঃশেষ করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে। খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কীভাবে তাঁকে অন্তরীণ করা যায়, সে ষড়যন্ত্র হচ্ছে।
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে ঐক্যবদ্ধ না থাকলে, নিজেদের মধ্যে অযথা দলাদলি করলে লক্ষ্য পূরণ হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব অবিচল আস্থা রেখে ঐকবদ্ধ হতে হবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, কোনো ঘটনা ঘটলেই তদন্ত না করে বিএনপি জড়িয়ে বক্তব্য দেওয়া হয়। মূল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের বক্তব্য দেওয়া হয়।

এবারের জন্মদিনে জাতীয় কবিকে নিয়ে যথাযথ আয়োজন হয়নি অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন, তাঁর প্রতি অবহেলার জবাব সরকারকে দিতে হবে। ফখরুল বলেন, কবি কাজী নজরুল ইসলাম আজীবন শোষিত মানুষের পক্ষে এবং শোষণকারীদের বিপক্ষে ছিলেন। তাঁর লেখা আজও বাংলা ভাষাভাষীদের প্রেরণা জোগায়। তাঁর কবিতা অনাচারের বিরুদ্ধে সাহস জোগায়।
জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবে তাঁতি দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন জিয়া পরিবারকে ধ্বংস ও জিয়ার আদর্শকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। তবে যত ষড়যন্ত্র-চক্রান্তই করা হোক না কেন, তাতে লাভ হবে না। কারণ, বিএনপি জনগণের দল। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের দাবি আদায় করতে হবে।