জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মামলা ও অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিঃশেষ করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কীভাবে তাঁকে অন্তরীণ করা যায়, সে ষড়যন্ত্র হচ্ছে। এবারের জন্মদিনে জাতীয় কবিকে নিয়ে যথাযথ আয়োজন হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, তাঁর প্রতি অবহেলার জবাব সরকারকে দিতে হবে। কবি কাজী নজরুল ইসলাম আজীবন শোষিতদের পক্ষে এবং শোষণকারীদের বিপক্ষে ছিলেন।
জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।