সরকার জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাদের (সরকার) লুটপাট, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে, সে জন্য তারা আমাদের নিঃশেষ করে দিতে চায়।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভায় রিজভী এ অভিযোগ করেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে।
রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্য যাতে কোনো গণমাধ্যমে প্রচার না হয়, সে ব্যবস্থাও সরকার করেছে। কেউ কথা বলুক তারা তা চায় না। তাঁর (শেখ হাসিনা) দলের লোকেরা যা ইচ্ছে তা বলবে। বিএনপির বিরুদ্ধে লাগামহীন নোংরা কথা বললেও তার প্রতিবাদ করা যাবে না।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।