জাপা এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ভবিষ্যতে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার কোনো দল নেই। জাতীয় পার্টির অবস্থা এখন আগের মতো নেই। দলটি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর।
আজ বৃহস্পতিবার শেরপুরের সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগ নিতে হবে, যাতে বন্যাদুর্গত মানুষ পর্যাপ্ত সরকারি ত্রাণ পেতে পারে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ক্ষমতা ছাড়ার পর জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত আর জনগণের ভালোবাসার কারণে পার্টি বেঁচে আছে। দেশে ভবিষ্যতে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার কোনো দল নেই। জাতীয় পার্টির অবস্থা এখন আগের মতো নেই। জাতীয় পার্টি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর।
বিএনপিকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘বিএনপি আমাদের ওপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের অবস্থা এখন অত্যন্ত করুণ। তারা আমাদের ওপর যে অত্যাচার করেছে, আল্লাহ তার শাস্তি তাদের দিচ্ছেন।’
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘ভবিষ্যতে নির্বাচনে আসবে জাতীয় পার্টি। তাই দলকে আরও শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে। ভবিষ্যতে জনগণের ভোট নিয়ে আবার আমাদের ক্ষমতায় আসতে হবে।’ এ জন্য তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এখন পর্যন্ত জাতীয় পার্টির সিদ্ধান্ত হচ্ছে এককভাবে নির্বাচন করবে। তবে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খালেদ আক্তার, চরপক্ষিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফসহ জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যাদুর্গত ৫০০ জনকে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে লবণ ও আধা কেজি করে ডাল বিতরণ করা হয়।