জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী হলেন বাবলু
জাতীয় পার্টির (জাপার) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়ের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ দিয়েছেন। বাবলু দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বের অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রেজাউল ইসলাম ভূঁইয়াকে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ এর (ক) ধারা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত এর আগে বাবলু জাপার মহাসচিব ছিলেন। গত ১৯ জানুয়ারি দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেন এরশাদ। সম্প্রতি দলের কাউন্সিলে রুহুল আমিন মহাসচিব হিসেবে আবার নির্বাচিত হন।