জাতীয় পার্টি (জাপা) রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন মানুষ শান্তিতে ছিল। সন্ত্রাস ছিল না, জঙ্গিবাদ ছিল না। নয় বছরের সেই শাসনামলে মানুষ ফিরতে চায়। তাই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসে জাপা চেয়ারম্যান সিলেট সফর করবেন। তখন আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হবে।
সিলেট শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত এ বিভাগীয় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জাপা সিলেট জেলার সভাপতি আবদুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ ইয়াহইয়া চৌধুরী, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও সাংসদ মুনিম চৌধুরী।
এ ছাড়া সমন্বয় সভায় বক্তব্য দেন সাইদুর ইসলাম, জিয়াউল হক মৃধা, গিয়াস উদ্দিন আহমদ, ফখরুল হাসান, এ কে এম আশরাফুল খান, সৈয়দ আবু হোসেন, আতিকুর রহমান, সাব্বির আহমদ প্রমুখ। সিলেট বিভাগের চার জেলার নেতারাও জাপার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন সমন্বয় সভায়।