জাপাকে প্রধানমন্ত্রীর অনুগত বললেন বিএনএফ সভাপতি
জাতীয় পার্টি (জাপা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত বলে মন্তব্য করেছেন বিএনএফের (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) সভাপতি ও ঢাকা-১৭ আসনের সাংসদ আবুল কালাম আজাদ। গতকাল রোববার এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রিন্সেস ডায়ানার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তোপখানা রোডে সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম (বোয়াফ)।
আবুল কালাম বলেন, গঙ্গা ব্যারেজের জন্য কোনো টাকা বরাদ্দ দেওয়া হয়নি অথচ সংসদে জাপা এসব নিয়ে কথা বলে না। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে “আমার অনুগত বিরোধী দল এসব কথা বলবে না।” অর্থাৎ জাতীয় পার্টি উনার অনুগত। বিরোধী দলেও না, সরকারি দলেও না।’ আবুল কালাম দাবি করেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনি কিছু কথা বলবেন। কিছু কথা না বললে সরকার তো সঠিক পথে যাবে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ জন। এর মধ্যে তিনজন সংবাদকর্মী, যাঁরা পেশাগত কারণে গিয়েছিলেন।