জাপাকে বিরোধী দল হিসেবে গণ্য করা হয় না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে গণ্য করা হয় না। এই ‘ইমেজ সংকটের’ কারণে পৌর নির্বাচনে মানুষ জাপার প্রার্থীকে ভোট দেয়নি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এরশাদ এ কথা বলেন।
দলীয় প্রতীকে প্রথমবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে জাতীয় পার্টি ৭৩টি পৌরসভায় প্রার্থী দিয়েছিল। এর মধ্যে মাত্র একটিতে তারা জয় পেয়েছে। এরশাদ মনে করেন, এই ভরাডুবির দুটি কারণ। একটি হলো, সব জায়গায় তাদের সংগঠন নেই। অন্যটি ভাবমূর্তির সংকট।
এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তারা চায় দলটি ক্ষমতায় আসুক। কিন্তু খবরের কাগজে এখনো বিরোধী দল বিএনপি। জাতীয় পার্টিকে বিরোধী দল বলা হয় না। গণমাধ্যম ও মানুষ জাপাকে বিরোধী দল হিসেবে গণ্য করে না। এই ভাবমূর্তি সংকটের কারণে পৌর নির্বাচনে তাদের ফল ভালো হয়নি। তিনি বলেন, এই ভাবমূর্তি সংকট দূর করতে হবে। এরশাদ বলেন, জাতীয় পার্টি থেকে যাঁরা মন্ত্রী হয়েছেন, তাঁরা যদি তাঁদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং তিনি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেন, তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চলতি বছর সব জায়গায় সংগঠন গোছানো হবে।
পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি—এমন অভিযোগ করে এরশাদ বলেন, অনেক জায়গায় তাঁদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। প্রচার চালাতে দেওয়া হয়নি।
অন্যদিকে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি যথেষ্ট শক্তিশালী নয়। এ কারণে যেসব কথা বলা প্রয়োজন তা তাঁরা বলতে পারছেন না। এ জন্য তিনি পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আবু হোসেন, ফয়সল চিশতি প্রমুখ বক্তব্য দেন।