জাপানের প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচক দেখছে বিএনপি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটি আশা করছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
আজ শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে আর এ গণিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিওর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আর গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই জঙ্গিবাদ সৃষ্টির পরিবেশ তৈরি হয়।’
‘ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল হতে পারে না’—বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তারেকের বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে। সবার রাজনীতি করার অধিকার আছে।