জাপার ওয়াক আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানো সম্পর্কিত বিল উত্থাপনের সময় জাতীয় পার্টির বিরোধিতা উপেক্ষা করে বিলটি উত্থাপন করা হলে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদ থেকে ওয়াক আউট করে। তবে কিছুক্ষণ পর তারা সংসদে ফিরে আসে। 

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে এনে করা সংবিধানের ষোড়শ সংশোধনী সংবিধান পরিপন্থী বলে আজ হাইকোর্ট রায় দিয়েছেন।
এ রায়ের প্রতিক্রিয়ায় সংসদ ছিল উত্তপ্ত। পয়েন্ট অব অর্ডারে সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করেন। তাঁরা ৩০০ বিধিতে আইনমন্ত্রীর বক্তব্য দাবি করেন। প্রধান বিচারপতিসহ বিচারপতিদের সমালোচনাকালে দফায় দফায় সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বেশ হিমশিম খেতে হয়।
পরে বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানো সম্পর্কিত বিল উত্থাপনের সময় জাতীয় পার্টি তীব্র বিরোধিতা করে। কিন্তু তাদের বিরোধিতা উপেক্ষা করে বিলটি উত্থাপন করা হলে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ওয়াক আউট করে। অবশ্য কিছুক্ষণ পর তারা সংসদে ফিরে আসে। এ ছাড়া আইনমন্ত্রীর ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার সময়ও জাতীয় পার্টির সদস্যরা দফায় দফায় হইচই করেন। কিছুক্ষণ সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়। এ সময় স্পিকার বারবার সদস্যদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।
স্পিকারের সভাপতিত্বে আজ দিনের কার্যসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বক্তব্য দেন। অবশ্য আইনমন্ত্রীর ৩০০ বিধিতে বক্তব্যের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়ালে স্পিকার তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেন।
তবে জাতীয় পার্টির ওয়াক আউট এবং পয়েন্ট অর্ডারে বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদের অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।
এর আগে সংসদ অধিবেশন শুরুর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম। আলোচনায় অংশ নেন কাজী ফিরোজ রশীদ ও জাসদের মঈন উদ্দীন খান বাদল। তাঁরা আদালতের রায়ের বিষয়ে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন।