জাপার কমিটিতে আরও ৩৯ জনের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে আরও ৩৯ জন নেতার নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বুধবার এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায়ের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গতকালের ৩৯ জনসহ এ পর্যন্ত জাপার কেন্দ্রীয় কমিটির ১২৭ জন নেতার নাম ঘোষণা করা হলো। এর আগে গত জুন মাসে তিন দফায় ৮৮ জন নেতার নাম ঘোষণা করেন এরশাদ।
জাপার সূত্র জানায়, ঘোষিত কমিটিতে দলীয় সাংসদ এম এ হান্নান ও রেজাউল ইসলাম ভূঁইয়ার পদায়ন নিয়ে দলের ভেতরে প্রশ্ন উঠেছে। এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যেই এরশাদ ৩০ জুন এম এ হান্নানকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ দেন।
এদিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে পদাবনতি দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে গতকাল। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবর্তমানে রেজাউল ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিবেরও দায়িত্ব পালন করেছেন।
জানতে চাইলে রেজাউল ইসলাম ভূঁইয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘স্যার (এরশাদ) যা ভালো মনে করেছেন, তা করেছেন। আমি এতেও খুশি।’
গতকাল ঘোষিত কমিটির নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন, বিভাগীয় সম্পাদক পদে সাতজন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, যুগ্ম বিভাগীয় সম্পাদক পদে চারজন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ১০ জনের নাম রয়েছে।