জাপার কেন্দ্রীয় সম্মেলন আজ
‘শান্তির জন্য পরিবর্তন এবং পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’—এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির (জাপা) অষ্টম কেন্দ্রীয় সম্মেলন। সকাল ১০টায় জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মেলনের উদ্বোধন করবেন।
জাপার সূত্র বলেছে, দলের কেন্দ্রীয় সম্মেলনে তেমন কোনো চমক নেই। তাই ভালো লোকসমাগম ঘটিয়ে সাড়া জাগাতে চান জাপার শীর্ষ নেতৃত্ব।
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সম্মেলনে ৭৬টি সাংগঠনিক জেলা থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেট এবং নেতা-কর্মী-সমর্থক মিলে লাখো মানুষের সমাগম হবে।
১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। এবারের সম্মেলনে বিএনপি ও জামায়াত ছাড়া আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদেরও দাওয়াত দেওয়া হয়েছে।
সম্মেলনের বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের সম্প্রতি দলের নেতৃত্ব নিয়ে সৃষ্ট সংকটের উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘পার্টিতে অনৈক্যের একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। সেটা কেটে গেছে। আশা করি, সম্মেলনের মাধ্যমে দল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে।’