জাপার চট্টগ্রাম নগর কমিটির সভাপতি কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাতীয় পার্টির (জাপা) গৃহবিবাদ প্রকট হয়ে উঠেছে। দলের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি দাবিদার এখন দুজন। তাঁদের একজন সাংসদ মাহজাবীন মোরশেদ। অন্যজন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ। দুই নেতাই অপরজনকে ‘অবৈধ সভাপতি’ বলেছেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
সোলায়মান শেঠের বিরুদ্ধে দলীয় পদ-পদবির অপব্যবহার করে মানুষের জায়গা-জমি দখল করার অভিযোগ এনেছেন সাংসদ মাহজাবীন মোরশেদ। অন্যদিকে সোলায়মান শেঠ বলছেন, তিনি জায়গা-জমি দখল করলে তা প্রশাসন দেখবে। এ নিয়ে সাংসদ কথা বলার কেউ নন।
দলের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আসলে কে, তা জানতে চাইলে জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গত বছরের ১২ সেপ্টেম্বর মাহজাবীন মোরশেদকে চট্টগ্রাম নগর কমিটির সভাপতি ও এয়াকুব হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সোলায়মান শেঠ পাল্টা প্রশ্ন করেন, ‘দলের চেয়ারম্যান এরশাদ এ বিষয়ে লিখিত কিছু দিয়েছেন কি না।’ তাঁর দাবি, কাগজে-কলমে তিনি চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি। তাঁর মেয়াদ আরও দেড় বছর আছে। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম দেখভাল করার দায়িত্ব তাঁর।
জাপার উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৪ সালে সোলায়মান শেঠকে জাপা থেকে অব্যাহতি দিয়ে মাহজাবীন মোরশেদকে প্রথম চট্টগ্রাম নগর কমিটির আহ্বায়ক করা হয়। অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত সোলায়মান শেঠ দলের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। বছর খানেক পর তাঁকে দলে পুনর্বহাল করা হয়। তিনি এখন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য।
এদিকে সোলায়মান শেঠ নিজেকে জাপার চট্টগ্রাম নগর কমিটির সভাপতি দাবি করে গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। এ খবর জেনে অন্য পক্ষের নেতা-কর্মীরা প্রেসক্লাব এলাকায় অবস্থান নিলে তিনি আর প্রেসক্লাবে যাননি। পরে চকবাজারে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে দলের সদ্যবিদায়ী মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং তাঁকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন। জিয়াউদ্দিন চট্টগ্রাম নগরের কোতোয়ালি আসনের সাংসদ।
কয়েকজন নেতা জানান, গত শুক্রবার এরশাদ ও রওশন এরশাদসহ দলের জ্যেষ্ঠ নেতারা সাংসদ মাহজাবীন মোরশেদের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে আসেন। এরশাদের দৃষ্টি আকর্ষণ করতেই সোলায়মান আলম শেঠ ওইদিন সংবাদ সম্মেলন করেন।
মাহজাবীন মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী যখন চট্টগ্রামে অবস্থান করছিলেন, তখনই তিনি (সোলায়মান শেঠ) দলের ভাবমূর্তি নষ্ট করতে সংবাদ সম্মেলনের নামে নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন। একটি কুচক্রী মহলের সহযোগিতা নিয়ে তিনি এসব করছেন। আমি দলের মহানগর কমিটির সভাপতি। দলের সম্মেলনের পর চেয়ারম্যান এরশাদ তা ঘোষণা দেন।’
জাপার চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলের গঠনতন্ত্র সম্পর্কে সোলায়মান শেঠের কোনো ধারণা নেই। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রীর কাছে অভিযোগ দেওয়া হবে।’