জাপার নেতাদের সমালোচনা করছে না কেউ : ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের । ফাইল ছবি
ওবায়দুল কাদের । ফাইল ছবি

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন প্রগতিশীল শক্তিসহ অনেকেই শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে প্রতিনিয়তই বলছেন, দেখব প্রধানমন্ত্রী কী করেন? অথচ তাঁরা একটিবারের জন্যও দায়ী ব্যক্তির দল জাতীয় পার্টির (জাপা) নেতাদের সমালোচনা করছেন না।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জুলিও কুরি-বঙ্গবন্ধু সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বাম রাজনীতি আজ ক্ষীয়মাণ নদীর ধারার মতো বহমান। কোনো রকমে টিকে আছে। বারবারই ভাঙনের সুর বাজে। তাদের এ অবস্থার কারণেই সাম্প্রদায়িক উগ্রবাদ বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। হেফাজতে ইসলামের তাণ্ডবের সময়ে কোথায় ছিল শান্তির সপক্ষ দাবিদার প্রগতিশীল শক্তি? সেদিন প্রধানমন্ত্রী বিনা রক্তপাতে এই পরিস্থিতি মোকাবিলা করার পদক্ষেপ নিয়েছিলেন বলেই দেশ দীর্ঘস্থায়ী প্রলম্বিত চক্রান্তের হাত থেকে রক্ষা পেয়েছিল।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘এখন শান্তির পক্ষের শক্তি অনেক শক্তিশালী। কিন্তু শান্তির বিপক্ষ শক্তির সেই বুলেটের চক্রান্ত সক্রিয়। আগের মতোই দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। জনগণের সাহায্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো সম্ভব নয় জেনে শান্তি বিনষ্টকারী একটি মহল চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে তারা দেশকে সাম্প্রদায়িক উগ্রবাদের দিকে ঠেলে দিতে চায়।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শান্তি পদকের প্রস্তাবকারী ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য অবদানের জন্য প্রয়াত কমরেড আলী আকসাদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু শান্তি’ পদকে ভূষিত করা হয়। আলী আকসাদের পক্ষে তাঁর সহধর্মিণী মোমতাজ আকসাদের হাতে পুরস্কারের পদক, মেডেল ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি।
আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা।