জাপার বিরোধীদলীয় কাজে জনগণের আস্থা নেই: জি এম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থার কারণে বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমাদের বিরোধীদলীয় কর্মকাণ্ডে জনগণ আস্থা রাখতে পারছে না।’
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া গ্রামে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাড়িসংলগ্ন মাঠে গণসংবর্ধনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জি এম কাদের এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জি এম কাদের বলেন, ‘আমরা সরকারে আছি, না বিরোধী দলে আছি? জনগণের সঙ্গে আছি, না সরকারের সঙ্গে আছি? আমাদের কিছু সদস্য মন্ত্রিপরিষদে থাকায় জনগণের মধ্যে স্বাভাবিক কারণে এ প্রশ্ন দেখা দেয়।...আমরা আইনগতভাবে ও কাজের মাধ্যমে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের ভূমিকা অর্থাৎ জনগণের পক্ষের ভূমিকা পালনে এখন যে শূন্যতা বিরাজ করছে, তা পূরণ করতে চাই।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আরও বলেন, ‘বিরোধী দল মানেই সরকারকে গালাগাল দিতে হবে, সরকারি দল মানেই সরকারের বিপক্ষে যারা, তাদের অকথ্য গালাগাল দিতে হবে। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।...আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, যাতে দেশ স্থিতিশীল হয়।’
সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী প্রমুখ। জি এম কাদের পরে দলের দুমকি উপজেলা শাখার পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।