জাপার মন্ত্রিত্ব ছাড়া কেবল আলোচনাতেই
জাতীয় পার্টির (জাপা) সাংসদদের মন্ত্রিসভা থেকে বের হয়ে আসা উচিত মনে করে দলটির একটি অংশ। এ নিয়ে আলোচনা, বক্তব্য-বিবৃতি চলছে বহুদিন ধরেই। দলের সভাপতিমণ্ডলীর সভায়ও এ ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন দলের চেয়ারম্যানপন্থী নেতারা। কিন্তু বাস্তবতা হলো, শিগগিরই মন্ত্রিত্ব ছাড়ছেন না জাতীয় সংসদে বিরোধী দলে থাকা দলটির তিন নেতা। দলের নেতাদের মন্ত্রী থাকার বিরুদ্ধে সোচ্চার জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের (মন্ত্রী পদমর্যাদা) দায়িত্ব ছাড়ছেন না। দলটির দায়িত্বশীল নেতারা বলেছেন, মন্ত্রিত্ব ছাড়া নিয়ে দলের মধ্যে যে আলোচনা চলছে, সেটা ‘সিরিয়াস’ কিছু নয়।
সরকারের মন্ত্রিসভায় থাকা জাপার তিন সাংসদ হলেন আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান ও মুজিবুল হক। দলের নেতাদের মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, গতকাল সভাপতিমণ্ডলীর সভায় মন্ত্রিত্ব ছাড়া নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পার্টির চেয়ারপারসন সময় সাপেক্ষে সবকিছু বুঝে শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর। জাপার মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের সঙ্গে থাকবে জাপা। সরকারে অস্থিতিশীলতা তৈরি হয়, এমন কিছু জাপা করবে না। দলে কোন্দলের বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব বলেন, ছোটখাটো দ্বিমত হয়েছে। সময়ের ব্যবধানে এসব ঠিক হয়ে যাবে।
দলীয় সূত্র জানায়, মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের আলোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রওশনপন্থীরা। দলের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী রওশনের পক্ষের হিসেবে পরিচিত। আর প্রধানমন্ত্রীর সংকেত ছাড়া বিশেষ দূতের দায়িত্ব ছাড়বেন না এরশাদ। এরশাদ নিজেও বলেছেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। তা ছাড়া দলে কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিব নিয়োগ নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা-ও শিগগির মিটছে না বলে দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
মন্ত্রীসভায় থাকা জাপার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁদের মন্ত্রিসভা ছাড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। তিনি যতদূর জানেন দলের সভাপতিমণ্ডলীর সভায় চেয়ারম্যানকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান তাঁদের কোনো কিছু বলেননি। চেয়ারম্যান নিজেও মন্ত্রী পদমর্যাদায়, কাজেই আগে তাঁকে পদত্যাগ করতে হবে।
দ্বন্দ্বের বিষয়ে রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার একজন প্রেসিডিয়াম সদস্য প্রথম আলোকে বলেন, দলের কোন্দল নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই এসবে অভ্যস্ত। এটি চলে আসছে, চলতে থাকবে। তাঁর মতে, ভেতরে-ভেতরে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এক আছেন। ওই সদস্য বলেন, এরশাদ নিজেই প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়তে চান না। তার কারণ ‘পতাকা’। তিনি এত সহজে ওই মায়া ছাড়তে পারবেন বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না। সত্যি সত্যি সরকার থেকে বের হতে চাইলে এরশাদ নিজেই আগে পদত্যাগ করতে পারতেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না-যাওয়া নিয়ে এরশাদ ও তাঁর স্ত্রী রওশন এরশাদকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে দুটি পক্ষ তৈরি হয়। রওশন ছিলেন নির্বাচনে যাওয়ার পক্ষে। শেষ পর্যন্ত জাপা নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হওয়ার পাশাপাশি মন্ত্রিসভারও অংশ হয়। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হন এরশাদ। গত ১৭ জানুয়ারি এরশাদ দলীয় ফোরামে আলোচনা ছাড়া নিজের ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করার ঘোষণা দিলে ওই দুই পক্ষের বিরোধ আবারও প্রকাশ্যে চলে আসে।
সূত্র জানায়, এবারের কোন্দলের মূল কারণ আগামী দিনে জাপার নেতৃত্বকে ঘিরে। এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করে এই বার্তা দিয়েছেন যে, তাঁর অবর্তমানে জাপার হাল ধরবেন কাদের। সরকারের ঘনিষ্ঠ রওশনপন্থী একজন সভাপতিমণ্ডলীর সদস্য বিষয়টি মেনে নিতে পারেননি। রওশনপন্থীদের হয়ে আড়ালে কলকাঠি নাড়ছেন তিনি। তাঁদের সঙ্গে আছেন সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ছাড়াও বেশির ভাগ সাংসদ। এরশাদের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই অংশটি পরদিন রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। তার প্রতিক্রিয়ায় এরশাদ গত ১৯ জানুয়ারি দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন। এসব ঘটনা পরম্পরার এক সপ্তাহের মাথায় গণমাধ্যমে মুখ খোলেন রওশন। গত ২৩ জানুয়ারি তিনি বিবৃতি দিয়ে বলেন, এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে রওশন বলেন, তাঁকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা ঠিক নয়।
রওশনের এই বিবৃতির পর দলের অনেকে আশা করেছিলেন দুপক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা হচ্ছে। কিন্তু পরদিন এরশাদ রওশনকে চিঠি দিয়ে জানিয়ে দেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই। পরে এরশাদ চেয়েছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদের নিয়ে যৌথসভা করতে। কিন্তু সাংসদদের একটি বড় অংশ রওশনপন্থী। তাতে ব্যর্থ হয়ে গতকাল সভাপতিমণ্ডলীর বৈঠক করেন এরশাদ। ৩৭ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে রওশন এরশাদ, দলের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জন সভায় উপস্থিত ছিলেন না।