জাপার মন্ত্রীদের পদত্যাগ করা উচিত: এরশাদ
সরকারে থাকা জাতীয় পার্টির (জাপা) মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মনে করেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ সোমবার সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মহানগর জাপা আয়োজিত কর্মী সমাবেশে এরশাদ বলেন, ‘আমরা বিরোধী দলে রয়েছি নামমাত্র। বিরোধী দলের যে ভূমিকা তা আমরা পালন করতে পারছি না। তাই আমাদের মন্ত্রীদের পদত্যাগ করা উচিত।’
এরশাদ বলেন, জাপার দুই-একজন লাঙল মার্কা নিয়ে মন্ত্রী হয়ে এখন জনসভা ও বিভিন্ন অনুষ্ঠানে বলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এটা আওয়ামী লীগের স্লোগান, জাতীয় পার্টির নয়। জাপার স্লোগান হচ্ছে জাতীয় পার্টি জিন্দাবাদ। জাপার স্লোগান দিতে তাঁরা এখন কুন্ঠাবোধ করেন। এটা অত্যন্ত লজ্জাজনক। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘পৃথিবীর ইতিহাসে সেনাপ্রধান দল করে এত দিন টিকে থাকতে পারেন না। আমিই একমাত্র যে বেঁচে আছি এবং একটি দলের প্রধান।’ মানুষের ভালোবাসায় এমনটা হয়েছে বলে তিনি দাবি করেন।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, এটা কোনো দলের বা লাঙল মার্কার নির্বাচন নয়। তাই এ পরাজয় হিসাব করে লাভ নেই। এটা জাতীয় পার্টির জনপ্রিয়তার মাপকাঠি নয়।
বিএনপি সম্পর্কে এরশাদের ভাষ্য, বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে। বিএনপি তাঁর (এরশাদ) ওপর করা অত্যাচারের প্রতিদান পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহনাজ বেগম, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্য সচিব ও সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার, মহানগর জাপার সদস্য সচিব এস এম ইয়াছির প্রমুখ।